back to top

সীতাকুণ্ডে অচেনা এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার

প্রকাশিত: ০১ জুন, ২০২৫ ১৩:১২

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় আনুমানিক ৬০ বছর বয়সী অচেনা এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ রবিবার (০১ জুন) বিকাল তিনটার দিকে উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় রাস্তা পাশে পড়ে থাকা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

এ বিষয়ে সীতাকুণ্ড থানার ওসি মো. মজিবুর রহমান জানান, রবিবার দুপুরে বারৈয়াঢালা ফরেস্ট অফিসের কাছাকাছি রাস্তার পাশে একটি লাশ পড়ে থাকার খবর পেয়ে ৩টার দিকে ঘটনাস্থলে পৌছে থানা পুলিশের টিম। পরে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়।

ওসি বলেন, তাৎক্ষনিক মৃতদেহটির পরিচয় কেউই জানাতে পারেনি। আনুমানিক বয়স ৬০ বছর। লাশের ধরণ দেখে মনে হচ্ছে গত শনিবার কোন একসময় তিনি মারা যেতে পারেন।

ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। পুলিশ তার পরিচয় জানার চেষ্টা করছে।