চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় সাত বছরের শিশু কাজী তাইমিম মুহাম্মদ আরাফ নিহত হয়েছেন।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের নেজামশাহ পাড়ায় ঘটে এই হৃদয়বিদারক দুর্ঘটনা।
নিহত আরাফ ইসলামপুর ইউনিয়নের কাজী মুহাম্মদ এসকান্দরের ছেলে এবং ইসলামপুর তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া সাত্তারিয়া মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
চঞ্চল, হাসিখুশি এই শিশু বিকেলে বাড়ির পাশেই খেলছিল বন্ধুদের সাথে। কিন্তু কে জানত, খেলতে খেলতেই শেষ হয়ে যাবে তার ছোট্ট জীবনের সব রঙ!
স্থানীয়রা জানান, পাশের একটি বিয়েবাড়িতে আসা একটি মাইক্রোবাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে আরাফকে ধাক্কা দেয়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে ছোট্ট আরাফ। মুহূর্তেই চারপাশে কান্নার রোল পড়ে যায়।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আরাফকে মৃত ঘোষণা করেন।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিফাতুল মাজদার বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। শিশুর মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
অকালে এক ফুলের মতো শিশুর প্রাণ ঝরে পড়ায় গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। আরাফের মৃত্যুতে পরিবার, প্রতিবেশী ও সহপাঠীদের মধ্যে শোকের মাতম বইছে।


