back to top

বাঁশখালীর কুখ্যাত মনসুর বাহিনীর ৫ সদস্য অস্ত্রসহ আটক

প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২৫ ১০:০৭

চট্টগ্রামের বাঁশখালীতে অভিযান চালিয়ে কুখ্যাত সন্ত্রাসী মনসুর বাহিনীর ৫ সদস্যকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

তারা হলেন- আবু নছর চৌধুরী (৪৪), আব্দুল কাদের (৪০), মো. জমির আহমদ (৫৫), মো. জিয়াউর রহমান (৫০) এবং মো. সোহেল (২১)।

এ সময় তাদের কাছ থেকে তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৮ রাউন্ড তাজা কার্তুজ, ১৫টি ফাঁকা কার্তুজ এবং আটটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়- বাঁশখালী থানার নতুন বাজার এলাকায় মনসুর বাহিনীর সদস্যরা দীর্ঘদিন ধরে অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি, জমি দখল ও আধিপত্য বিস্তারের মতো সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে।

স্থানীয়দের অভিযোগে কোস্ট গার্ড এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করে।

এরই ধারাবাহিকতায় বুধবার রাত ৩টা থেকে সকাল ৬টা পর্যন্ত কোস্ট গার্ড বেইজ চট্টগ্রাম একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে পাঁচজন সশস্ত্র সন্ত্রাসীকে আটক করা হয়।

অভিযানের সময় মনসুর বাহিনীর সহযোগীরা কোস্ট গার্ডের টহলদল বহনকারী গাড়িতে হামলা চালিয়ে আসামিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় আত্মরক্ষার্থে কোস্ট গার্ড সদস্যরা তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, ‘আটককৃত সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সন্ত্রাস ও চাঁদাবাজি দমনে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’