চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের মনসারটেক বাজারসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ বলছে গ্রেপ্তার ৭ জনই আন্তঃজেলা চোরাই মোটরসাইকেল ক্রয়–বিক্রয় সিন্ডিকেটের সদস্য।
গোপন সোর্সের তথ্যে তাদের অবস্থান নিশ্চিত হওয়ার পর সোমবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালানো হয়। এসময় দুটি চোরাই মোটরসাইকেলসহ সিন্ডিকেটের ৭ সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো- মো. হাসান ওরফে এনাম (২৭), মো. সোহেল (২৪), নুরুল হক ওরফে আকাশ (২৫), মো. তারেক হোসেন ওরফে সুমন (২৫), মো. হাসান (২৪), সাইফুর রহমান (২৬) ও মো. হেলাল (২৭)।
এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান বলেন, গ্রেপ্তার আসামিরা চট্টগ্রাম, কক্সবাজার ও সাতকানিয়াসহ বিভিন্ন এলাকা থেকে চক্রটির সাথে যুক্ত হয়ে দীর্ঘদিন ধরে চোরাই মোটরসাইকেল ক্রয়–বিক্রয় করে আসছিল।
তাদের বিরুদ্ধে পটিয়া থানায় মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।



