বিজয় দিবসে এ বছরও প্যারেড অনুষ্ঠিত হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার সচিবালয়ে বিজয় দিবসের নিরাপত্তা সংক্রান্ত সভা শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “বরং আগের চেয়ে এবার বিজয় দিবস আরও জাঁকজমকভাবে উদযাপিত হবে। গতবারও প্যারেড হয়নি, এবারও হবে না।”
রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বিমানবন্দরে সব বাহিনীর সদস্যদের অংশগ্রহণে যে প্যারেড হয়ে থাকে, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর গত বছর সেটিও বাতিল হয়েছিল।
বিজয় দিবসের নিরাপত্তা সংক্রান্ত সভা প্রসঙ্গে তিনি জানান, “বিজয় দিবসের আয়োজন করে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। তাদের সভা হয়ে গেছে।
এখন তারা যে দায়িত্বগুলো দিয়েছে, সেগুলো কীভাবে বাস্তবায়ন করা হবে—এ নিয়েই আলোচনায় বসা হয়েছে।”
শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর দেশে কোনো অস্থিরতা সৃষ্টি হয়নি এবং বিজয় দিবস ঘিরেও কোনো অস্থিতিশীল পরিস্থিতির আশঙ্কা নেই বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
দৈনিক ভোরের কাগজের অনলাইন প্রধান মিজানুর রহমান সোহেলকে গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া তার বাসা থেকে তুলে নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “এই বিষয়টি আমি প্রথমবার আপনার কাছ থেকেই শুনলাম। তদন্তের পর এ বিষয়ে বলা যাবে।”
মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে ‘ডিবি’ পুলিশ পরিচয়ে পাঁচ ব্যক্তি নতুন বাড্ডার বাসা থেকে মিজানুর রহমান সোহেলকে তুলে নিয়ে যায়।
তবে বুধবার ভোরে তাকে স্ত্রীর জিম্মায় বাসায় পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল আলম।


