পটিয়ায় ১৩ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০১ ডিসেম্বর, ২০২৫ ২০:০৭

চট্টগ্রামের পটিয়ায় পৃথক তিনটি অভিযানে ১৩ হাজার ৩০০ পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযানে মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিএনসি চট্টগ্রাম “খ” সার্কেল পরিচালিত এ অভিযানে উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৪০ লাখ টাকা।

অভিযানের বিষয়ে জানা যায়, রোববার বিকেলে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের মুজাফরাবাদ কলেজের বিপরীত পাশে অভিযান চালিয়ে আব্দুল মাজেদকে (৩৭) ৪,০০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

তিনি কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প ০৭ এর বাসিন্দা এবং মৃত আবু বক্করের ছেলে।

সোমবার সকাল ১০টার দিকে একই মহাসড়কের কমল মুন্সির হাট মেম্বার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে তল্লাশি চালিয়ে মোহাম্মদ শাহ (৪০) এর দেহ থেকে ৫,৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ০৭ এর বাসিন্দা ছিদ্দিক আহমদের ছেলে।

একইদিন দুপুর ১২টার দিকে চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের সামনে মহাসড়ক এলাকা থেকে মো. আতিকুর রহমান (৫১) কে ৩,৬০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। তিনি কিশোরগঞ্জের ভৈরব থানার গজারিয়া ইউনিয়নের মৃত আকতার মিয়ার ছেলে।

গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে ডিএনসি এর উপপরিদর্শক একে আজাদ উদ্দীন ও রূপন কান্তি পৃথক মামলা দায়ের করেছেন।

ডিএনসি চট্টগ্রাম “খ” সার্কেলের মোজাফফরাবাদ কার্যালয়ের ইনচার্জ উপপরিদর্শক একে আজাদ উদ্দীন বলেন, “মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চলমান আছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”