back to top

ঘর থেকে স্ত্রীসহ বীর মুক্তিযোদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত: ০৭ ডিসেম্বর, ২০২৫ ০৬:১০

রংপুরের তারাগঞ্জ উপজেলায় নিজ বাড়ি থেকে এক দম্পতির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৭ ডিসেম্বর) সকালে কুর্শা ইউনিয়নের উত্তর রহিমাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত শিক্ষক যোগেশ চন্দ্র রায় (৭৫) এবং তার স্ত্রী সুবর্ণা রায় (৬০)।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দীর্ঘ সময় ডাকাডাকি করে সাড়া না পেয়ে প্রতিবেশীরা মই বেয়ে বাড়ির ভেতরে প্রবেশ করেন।

পরে প্রধান ফটকের চাবি পেয়ে দরজা খুলে ঘরের ডাইনিং রুমে যোগেশ চন্দ্র রায়ের এবং রান্নাঘরে সুবর্ণা রায়ের রক্তাক্ত দেহ দেখতে পান তারা। তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শী দীপক চন্দ্র রায় জানান, তাদের পরিবার দীর্ঘ চার-পাঁচ দশক ধরে ওই বাড়ির দেখভাল করেন। প্রতিদিনের মতো সকালে কাজ করতে গিয়ে তিনি দরজা না খোলা দেখে সন্দেহে ঘরে ঢুকে মরদেহ দেখতে পান।

স্থানীয়দের মতে, যোগেশ চন্দ্র রায় ২০১৭ সালে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ থেকে অবসর নেন। তাদের দুই ছেলে— বড় ছেলে শোভেন চন্দ্র রায় থাকেন জয়পুরহাটে এবং ছোট ছেলে রাজেশ খান্না চন্দ্র রায় ঢাকায় পুলিশ বিভাগে কর্মরত। গ্রামে তারা স্বামী-স্ত্রীই একসঙ্গে থাকতেন।

তারাগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলী হোসেন ঘটনাটিকে “নৃশংস” উল্লেখ করে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

তারাগঞ্জ থানার এসআই আবু ছাইয়ুম বলেন, নিহত দু’জনের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।