back to top

চট্টগ্রাম-১৫ আসনে মনোনয়ন বঞ্চিত নেতার সমর্থকরা সড়ক অবরোধ

প্রকাশিত: ০৬ ডিসেম্বর, ২০২৫ ১৬:৩৯

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে বিএনপির মনোনয়ন নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে।

দলীয় মনোনয়ন না পাওয়ার প্রতিবাদে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মজিবুর রহমানের কর্মী-সমর্থকরা শনিবার সন্ধ্যা ৬টায় সাতকানিয়ার ছদাহা ইউপির মিঠার দোকান এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেন। এতে প্রায় আধা ঘন্টা যান চলাচল বন্ধ থাকে।

জানা যায়, গত বৃহস্পতিবার বিএনপির কেন্দ্র থেকে চট্টগ্রাম-১৫ আসনে নাজমুল মোস্তফা আমিনকে মনোনয়ন দেওয়া হয়।

খবর ছড়িয়ে পড়লে মজিবুর রহমানের অনুসারী বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা গত দুই দিনে বিভিন্ন স্থানে মশাল মিছিল এবং সড়ক অবরোধের কর্মসূচি পালন করেছেন।

মনোনয়ন বঞ্চিত নেতা মজিবুর রহমান বলেন, “কিছু কর্মী-সমর্থক সড়ক অবরোধ করেছে বলে শুনেছি। আমি সবাইকে শান্ত থাকার এবং সড়ক অবরোধ না করার আহ্বান জানাই।”

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়।