back to top

তফসিল ঘোষণার পর অনুমোদনহীন আন্দোলন-সমাবেশ না করার আহ্বান

প্রকাশিত: ০৯ ডিসেম্বর, ২০২৫ ১৩:০০

সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর সব ধরনের অনুমোদনহীন জনসমাবেশ ও আন্দোলন থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠক থেকে এ আহ্বান জানানো হয়।

বৈঠকে বলা হয়, ত্রয়োদশ জাতীয় নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও উৎসবমুখর হয় সেটাই অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য।

একটি সুন্দর নির্বাচন আয়োজনের জন্য যা যা করণীয় সরকার সেদিকেই মনোনিবেশ করছে।

তফসিল ঘোষণার পর নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কাজ করবে সশস্ত্র বাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সকল বাহিনী।

আইনশৃঙ্খলা রক্ষার এই দায়িত্বে থাকবে সকল বাহিনীর প্রায় নয় লাখ সদস্য, যা এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ।

এমন পরিস্থিতিতে তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন পর্যন্ত যেকোনো ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ, জনদুর্ভোগ সৃষ্টি করে এমন আন্দোলন কঠোরভাবে নিয়ন্ত্রণ করবে অন্তর্বর্তী সরকার।

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, গত দেড় বছরে দুই হাজারের বেশি আন্দোলন-বিক্ষোভ সংগঠিত করে অন্তর্বর্তী সরকারের কাছে আন্দোলনকারীরা দাবি-দাওয়া উপস্থাপন করেছেন।

সরকার নায্য দাবিতে সবসময়ই সাড়া দিয়েছে, আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে সমাধানে পৌঁছাতে চেষ্টা করেছে। কিন্তু সরকার এখন নির্বাচনমুখী সময়ে আছে।

এ কারণে তিনি যার যা দাবি-দাওয়া আছে সেগুলো পরবর্তী সরকারের কাছে উপস্থাপনের আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।