ডেস্ক নিউজ : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর টিম -২র অভিযানে মাদক ব্যবসায়ী ও ছিনতাই চক্রের সাত সদস্যকে গ্রেফতার করা হয়েছে ।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত ১২টা ৪৫ মিনিটের দিকে সিএমপি পাঁচলাইশ থানাধীন নাজিরপাড়া কালী বাড়ি রোডে মৃত নুর বক্সের বাড়ির মনার বসতঘরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন: এমরান হোসেন রানা ওরফে মনা (৩২), মো. মারুফ হোসেন (২৩), মো. আজাদ (৩৫), আমজাদ হোসাইন (৩২), মো. জিশান (২৩), মো. সোহেল পারভেজ (২৬) ও অয়ন শীল (২১)।
অভিযানকালে তাদের হেফাজত থেকে মোট ২৩০ পিস কথিত অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা ক্রয়-বিক্রয়ের নগদ ৯ হাজার ১২০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল রাত ২টা ২০ মিনিটে জব্দ করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা মাদক ও ছিনতাই চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, ছিনতাই ও বিভিন্ন সন্ত্রাসমূলক কর্মকাণ্ডে জড়িত বলে স্থানীয়ভাবে অভিযোগ রয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে এমরান হোসেন রানা ওরফে মনা পাঁচলাইশ থানার কুখ্যাত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানায় মাদক ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।
পুলিশ আরও জানায়, অন্যান্য আসামিরা মাদক ক্রয়-বিক্রয়ের কাজে নানাভাবে সহযোগিতা করে আসছিল। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।



