চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রবিবার (১১ জানুয়ারি) চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানে নানান অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট এক লক্ষ সাতষট্টি হাজার ৫শ টাকা জরিমানা করে।
অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ এসব অভিযানের নেতৃত্ব দেন।
উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, ফ্রিজে কাঁচা মাংসের সঙ্গে রান্না করা মাংস, ডাল, চটপটির ডাল, ভাত ও ফ্রাইড রাইস সংরক্ষণ এবং ক্ষতিকর কেমিক্যাল রং মেশানো মরিচ ব্যবহার করে রান্নার প্রমাণ পাওয়ায় ২ নম্বর গেট সংলগ্ন নাসিরাবাদ এলাকায় অবস্থিত ‘হালাল শেফ’ (মিনা বাজারের পাশে) প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
তাছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য একই এলাকার ফয়সাল মেডিকোকে দেড় হাজার টাকা, হীরা ফার্মাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অনুমোদন ছাড়া কেমিক্যাল-রং ব্যবহার, বাসমতি চালের ওপর বিড়াল, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর চপিং বোর্ড ব্যবহার, বিড়ালের বিষ্ঠা এবং ঈদুরের বিষ্ঠা মিশ্রিত বাসমতি চাল দিয়ে খাবার রান্নার জন্য সেভেন ডেইজকে ১ লাখ টাকা ও মূল্যহীন পণ্য বিক্রি করায় শাহ আমিন সুপার সপকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জনস্বার্থে এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।



