back to top

আনোয়ারায় দশ মামলার আসামি ট্যাটু সোহেল গ্রেপ্তার

প্রকাশিত: ১৩ জানুয়ারি, ২০২৬ ১০:৩৩

চট্টগ্রামের আনোয়ারায় সন্ত্রাস, চাঁদাবাজি ও ছিনতাইসহ ১০টিরও বেশি মামলার পলাতক আসামি মো. সোহেল ওরফে ট্যাটু সোহেলকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার চাতরী ইউনিয়নের মহতর পাড়া গ্রামের শরীফ মেম্বারের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মো. সোহেল স্থানীয় রবিউল হোসেনের ছেলে এবং এলাকায় একজন চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত।

থানা সূত্র আরো জানায়, স্লুইস গেট নির্মাণকাজ শুরুর পর থেকেই মো. সোহেল ও তার সহযোগীরা ঘটনাস্থলে এসে ২৫ লাখ টাকা ও একটি মোটরসাইকেল চাঁদা দাবি করে আসছিল।

দাবি করা চাঁদা না দেওয়ায় গত ৫ জানুয়ারি তারা নির্মাণস্থলে গিয়ে নির্মাণসামগ্রী ছড়িয়ে ছিটিয়ে ফেলে এবং শ্রমিকদের মারধর করে ত্রাস সৃষ্টি করে।

এ ঘটনায় দায়িত্বরত মো. শাহিন খান বাদী হয়ে মো. সোহেল (২৮), মো. হাছানসহ (২৪) অজ্ঞাত আরো দুইজনের বিরুদ্ধে আনোয়ারা থানায় একটি মামলা করেন।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘সোমবার রাতে অভিযান চালিয়ে আনোয়ারা থানার একটি চৌকস টিম সোহেলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।’

মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেন ওসি।