back to top

চট্টগ্রাম-১৪’র বিএনপি প্রার্থী জসিমের প্রার্থীতা বাতিল চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

প্রকাশিত: ১৩ জানুয়ারি, ২০২৬ ১৫:১৬

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ–সাতকানিয়া আংশিক) সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী জসীম উদ্দিন আহমেদ–এর বিরুদ্ধে একাধিক মামলা ও ২০২৪ সালের জুলাই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এনে তাঁর প্রার্থিতা বাতিল এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম।

১৩ জানুয়ারি রোববার চট্টগ্রামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এ দাবি জানান।

নেতারা বলেন, জসীম উদ্দিন আহমেদ বর্তমানে মোট ১১টি মামলার আসামী, যার মধ্যে জুলাই হত্যাকাণ্ড সংক্রান্ত অন্তত ৩টি মামলা সরাসরি বিচারাধীন রয়েছে। গুরুতর ফৌজদারি মামলার আসামী হওয়া সত্ত্বেও তাঁর প্রকাশ্য নির্বাচনী তৎপরতা নির্বাচন কমিশনের আচরণবিধি ও সুষ্ঠু নির্বাচনের নীতিমালার পরিপন্থী।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, অভিযুক্ত প্রার্থী নিয়মিতভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে সভা-সমাবেশ, ব্যানার-পোস্টার ব্যবহার, বিভ্রান্তিকর পরিচয় প্রচার ও অননুমোদিত কর্মসূচির মাধ্যমে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন।

নেতারা অভিযোগ করেন, সম্প্রতি তাঁর পক্ষে আয়োজিত “বৈষম্যবিরোধী ৩৬ জুলাই যোদ্ধা” ব্যানারের একটি কর্মসূচিতে কোনো রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত বা গেজেটভুক্ত প্রকৃত জুলাই যোদ্ধার উপস্থিতি ছিল না, যা শহীদদের আত্মত্যাগকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করার শামিল এবং নির্বাচন আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।

সংবাদ সম্মেলনে নেতারা চার দফা দাবি জানান। দাবিগুলো হলো- উত্থাপিত অভিযোগসমূহের বিষয়ে তাৎক্ষণিক ও নিরপেক্ষ তদন্ত, আচরণবিধি লঙ্ঘনের দায়ে আইনানুগ ব্যবস্থা, গুরুতর মামলার প্রেক্ষিতে তাঁর প্রার্থিতা বাতিল, এবং চট্টগ্রাম-১৪ আসনে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন পরিবেশ নিশ্চিত করা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—
তৌহিদুল ইসলাম সাঈদ, সদস্য সচিব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম দক্ষিণ জেলা;
সরোয়ার কামাল রুবেল, মূখ্য সংগঠক, এন্টি ফ্যাসিস্ট স্কোয়াড, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম’র যুগ্ম আহবায়ক ইবনে হোসেন জিয়াদ, সংগঠক
এহেসানুল হক লাবিব, জায়নুল আবেদীন কায়সার, দক্ষিণ জেলা সংগঠক হাসনাত আবদুল্লাহ,
সাজ্জাদ হোসাইন রাহাত, রফিকুল ইসলাম,
মোঃ সাইফুল ইসলাম রাব্বি, মোঃ মঈনুদ্দীন,
মোঃ হাসিবুল হাছান সাওয়াল, সালমান শামীম প্রমুখ ।