চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের পটিয়ায় ট্রাক ও কাভার্ড ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় গাড়ির চালক গুরুতর আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলার বাইপাসের ভাটিখাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ও একটি কাভার্ড ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় যানবাহনের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং দুই চালক গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন। পরে তাঁদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়।আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এদিকে খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত ট্রাক ও কাভার্ড ভ্যানটি মহাসড়ক থেকে সরিয়ে নেন।
পুলিশ জানায়, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।


