রাউজানের সাবেক ছাত্রদল নেতা ও রাউজান সদর ইউনিয়ন বিএনপির সভাপতি পিয়ার মোহাম্মদ চৌধুরী বাবুকে (৩৬) চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।
রোববার (১৮ জানুয়ারি) দুপুরে সৌদি আরব থেকে দেশে ফেরার সময় তাকে গ্রেপ্তার করা হয়।
পরে তাকে সিএমপির ডবলমুরিং থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।
পিয়ার মোহাম্মদ চৌধুরী রাউজান উপজেলার ৭ নং এলাকার সদর ইউনিয়নের নাতোয়ান বাগিচা খানখানাবাদ গ্রামের হাফেজ নুর মোহাম্মদের ছেলে।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জামাল উদ্দিন খাঁন ও তদন্ত ওসি আরিফ রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তারা জানান, ইমিগ্রেশন পুলিশের মাধ্যমে গ্রেপ্তার ব্যক্তিকে থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে ডবলমুরিং থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মমিনুল সুমন বলেন, চট্টগ্রামের এক কাস্টমস কর্মকর্তা বাদী হয়ে দায়ের করা মামলায় পিয়ার মোহাম্মদ চৌধুরী বাবুকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, রাউজান থানার কোনো মামলায় তাকে চট্টগ্রাম বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়নি। এটি সিএমপির আওতাধীন কোনো মামলার বিষয়।


