back to top

হাটহাজারীতে স্ত্রীর সাথে অভিমান করে স্বামীর আত্মহত্যা

প্রকাশিত: ২০ জানুয়ারি, ২০২৬ ১১:৪৫

চট্টগ্রামের হাটহাজারীতে দুজনের মনোমালিন্যের জেরে স্ত্রী রাগ করে বাবার বাড়ি চলে যাওয়ায় অভিমানে আত্মহত্যা করেছে স্বামী।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরের দিকে হাটহাজারী পৌরসভার আজিম পাড়ার মৌলানা আমিনের বাড়ির আইয়ুবের ভাড়া বাসা থেকে স্বামী মো. হোসেন (৩০) এর মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।

মৃত মো. হোসেন ওই বাড়ির আবদুল খালেকের ছেলে।

নিহতের বাবা আবদুল খালেক দাবি করেন, সাংসারিক মনোমালিন্যের কারণে কয়েকদিন আগে হোসেনের স্ত্রী রাগ করে বাবার বাড়ি চলে যায়। পরে হোসেন একা ঘরে আত্মহত্যা করে।

স্থানীয়রা জানান, নিহত হোসেন গত তিন মাস ধরে আমিনপাড়া এলাকার ওই বাসায় বসবাস করে আসছিলো।

মঙ্গলবার সকালে বাসার মালিক ভাড়ার জন্য ডাকতে গেলে কারো সাড়া না পেয়ে বাসার পেছনের জানালা দিয়ে ভেতরে উঁকি দিলে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় হোসেনকে দেখতে পান।

পরে আশেপাশের লোকজন জড়ো হয়ে জরুরি সেবা ৯৯৯-এ কল দেয়। খবর পেয়ে পুলিশ এসে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করে। মরদেহের শরীর ফুলে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে।

মেখল ইউনিয়ন পরিষদের সদস্য মামুন জানান, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হলে কয়েকদিন আগে স্ত্রী রাগ করে বাবার বাড়ি চলে যায়। পরে হোসেন একা ঘরে আত্মহত্যা করে।

হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক হাবিব জানান, সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি চমেক হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ধারণা করা হচ্ছে, মরদেহটি দুই থেকে তিন দিন আগের।