back to top

হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্টে ওয়াই-ফাই সংযোগ কর্মী নিহত

প্রকাশিত: ২০ জানুয়ারি, ২০২৬ ১৬:৫৫

চট্টগ্রামের হাটহাজারীতে ওয়াই-ফাই সংযোগের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. তাসবির হুসাইন ইফতি (১৭) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকাল আনুমানিক চারটার দিকে হাটহাজারী উপজেলার মাদার্শা ইউনিয়নের মদুনাঘাট এলাকায় পানি উন্নয়ন বোর্ডের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইফতি হাটহাজারী উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বেচা গাজীর বাড়ির বাসিন্দা ইকবাল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেলে পারিবারিকভাবে পরিচালিত ওয়াই-ফাই সংযোগের কাজ করছিলেন ইফতি। এসময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে এসে তিনি গুরুতর আহত হন।

পরে আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার আকস্মিক মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে গ্রামে শোকের ছায়া নেমে আসে। পরিবার ও স্বজনদের মাঝে চলছে গভীর শোক।

নিহতের নিকট আত্মীয় ও শিক্ষক জাহেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে বেচা গাজীর বাড়ি সংলগ্ন আকবরিয়া পাড়া জামে মসজিদ মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে ইফতিকে দাফন করা হবে।