বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম মেম্বার চট্টগ্রাম ১১ আসনের প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন , যখনই বাংলাদেশ সংকটে পড়েছে দেশের মানুষ বিএনপির কাছে তাদের আস্থা ফিরে পেয়েছে। বিএনপি জনগণের সংগঠন। জনগণের স্বপ্ন পূরণে বিএনপি অঙ্গীকারবদ্ধ। এদেশের মানুষের স্বপ্ন পূরণে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন সংগ্রাম করে গেছেন। তার দেখানো পথ ধরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশ বিনির্মাণের রূপরেখা ঘোষণা করেছেন। এ রূপরেখা জনমানুষের স্বপ্ন পূরণের। এ রূপরেখা একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনের। নির্বাচনে জনগণ তাদের মূল্যবান নাগরিক অধিকার ভোটাধিকার প্রয়োগ করে বিএনপিকে সরকার গঠনের সুযোগ দিলে তাদের কাঙ্খিত স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ।
আজ ২২ জানুয়ারি বৃহস্পতিবার সকালে পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ড আওতাধীন কদমতলী রেলগেইট এলাকা থেকে চট্টগ্রাম -১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী নির্বাচনী গণসংযোগ শুরু করেছেন। এসময় জনসাধারণের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে তিনি একথা বলেন।
জনসংযোগের সময় তিনি নগরীর ডিটি রোড, শুভপুর বাস স্টেশন , পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ডের ১নং গলি, ২নং গলিসহ সংশ্লিষ্ট এলাকার জনসাধারণের কাছে ভোট প্রার্থনা করেন। এসময় চট্টগ্রাম নগর বিএনপি, ডবলমুরিং থানা বিএনপি ও পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ড বিএনপি , যুবদল , স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


