back to top

প্রচারণার প্রথম দিনেই প্রার্থীর গাড়িতে ঢিল !

প্রকাশিত: ২২ জানুয়ারি, ২০২৬ ১০:৩৭

নির্বাচনী প্রচারণা শুরুর প্রথম দিনেই দুর্বৃত্তের ছুঁড়ে মারা ঢিলে আক্রান্ত হলেন চট্টগ্রাম -৯ আসনের বৃহত্তর সুন্নী জোট সমর্থিত ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদ।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে নগরের কোতোয়ালী থানার সিরাজউদ্দৌলা রোড এলাকায় প্রচারণা চালানোর সময় তার গাড়িতে ঢিল ছুঁড়ে মারার ঘটনা ঘটেছে।

জানা যায়, অজ্ঞাত স্থান থেকে দুর্বৃত্তরা ঢিল নিক্ষেপ করলে প্রার্থীর ব্যবহৃত গাড়ির সামনের কাঁচে ফাটল ধরে ।এ সময় মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদ গাড়ির ভেতরেই ছিলেন।

এ বিষয়ে মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদ বলেন, নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই এমন হামলার ঘটনায় আমি ও আমার সহযোগীরা আতঙ্কিত। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বিষয়টি নিয়ে পুলিশি তদন্ত চলছে।