চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে ২৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য বিএনপির মহাসমাবেশ উপলক্ষে জননিরাপত্তার স্বার্থে সকল ধরনের অস্ত্র -ড্রোন নিষিদ্ধ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।
শুক্রবার (২৩ জানুয়ারি) এ সংক্রান্ত এক গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিএমপি।
সিএমপি কমিশনার হাসির আজিজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, পলোগ্রাউন্ড মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জনসমাবেশ উপলক্ষে আগামী ২৪ ও ২৫ জানুয়ারি চট্টগ্রাম মহানগর এলাকায় জনশৃঙ্খলা, শান্তি ও নিরাপত্তা রক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮-এর ২৯ ধারার ক্ষমতাবলে কোনো ব্যক্তি অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা, লাঠি, বিস্ফোরক দ্রব্য, ইট-পাথরসহ যেকোনো ধরনের ক্ষতিকর বস্তু বহন বা ব্যবহার করতে পারবেন না। একই সঙ্গে রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কোনো কিছু প্রদর্শন, প্ল্যাকার্ড বা অনুরূপ সামগ্রী বহনও নিষিদ্ধ করা হয়েছে।
এ ছাড়া জনসমাবেশ এলাকায় ‘ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা-২০২০’-এর ৯ ও ১৩ ধারার আলোকে অননুমোদিত ড্রোন উড্ডয়ন সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।
সিএমপি জানিয়েছে, এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


