back to top

রিয়ালের কাছ থেকে আবারও রাজত্ব পুনরুদ্ধার করল বার্সা

প্রকাশিত: ২৬ জানুয়ারি, ২০২৬ ০৫:৩২

রিয়াল মাদ্রিদের রাজত্ব টিকল মাত্র ২৪ ঘণ্টা। ভিয়ারিয়ালকে হারিয়ে লস ব্লাঙ্কোসরা লা লিগার শীর্ষস্থান দখল করেছিল। তবে রোববার রাতে নিজেদের আধিপত্য পুনরুদ্ধার করল চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা।

লামিনে ইয়ামালের দুর্দান্ত এক গোলের রাতে রিয়াল ওভিয়েদোকে ৩-০ ব্যবধানে হারিয়ে আবারও লিগ টেবিলের চূড়ায় ফিরল হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।

এই জয়ে রিয়ালের চেয়ে এক পয়েন্ট এগিয়ে থেকে শীর্ষস্থান নিশ্চিত করল কাতালান জায়ান্টরা।

এদিন ক্যাম্প ন্যুতে ম্যাচের প্রথমার্ধটা তেমন ভালো হয়নি বার্সার। মাঝমাঠে পাসিং ছিল অস্বাভাবিকভাবে এলোমেলো।

প্রথমার্ধে তেমন কোনো সুযোগই তৈরি করতে পারেনি স্বাগতিকরা। উল্টো ওভিয়েদোর হাইসেম হাসানের দূরপাল্লার শট রুখে দিয়ে দলকে বাঁচান বার্সা গোলরক্ষক হোয়ান গার্সিয়া।

দ্বিতীয়ার্ধে নতুন উদ্যমে মাঠে নামে বার্সেলোনা। ৫২ মিনিটে দলকে এগিয়ে দেন ওলমো। বক্সের ভেতর ইয়ামাল ও রাফিনিয়াকে সামলাতে গিয়ে ওলমো একা ছেড়ে দেয় ওভিয়েদোর ডিফেন্ডাররা।

ফাঁকায় বল পেয়ে গোলটি করেন তিনি। ৫৭ মিনিটে দাভিদ কোস্তাসের দুর্বল ব্যাক পাস নিয়ন্ত্রণে নিয়ে রাফিনহাঁ করেন বার্সার দ্বিতীয় গোল।

ম্যাচের সবচেয়ে দর্শনীয় মুহূর্তটি উপহার দেন বিস্ময়বালক লামিনে ইয়ামাল। দানি অলমোর ক্রস কিছুটা পেছনে চলে গেলেও শরীর ঘুরিয়ে শূন্যে ভেসে দুর্দান্ত এক কিকে বল জালে পাঠান তিনি।

তার এই গোলেই ৩-০ ব্যবধানের বড় জয় নিশ্চিত হয় বার্সার।