আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বেও নিগার সুলতানা জ্যোতিদের দাপট অব্যাহত রয়েছে। ছুটছে জয়রথ। টানা চার জয়ে গ্রুপ পর্ব শেষ করে সুপার সিক্সে উঠেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
বুধবার নেপালের মুলপানিতে থাইল্যান্ডকে ৩৯ রানে হারিয়ে প্রায় নিশ্চিত করে ফেলেছে আগামী নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের টিকিট। এখন জিততে হবে পরের দুই ম্যাচের একটি।
টসে হেরে ব্যাট করতে নেমে জুয়াইরিয়া ফেরদৌস ও সোবহানা মোস্তারির জোড়া ফিফটিতে ২০ ওভারে ৮ উইকেটে ১৬৫ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।
এই লক্ষ্য তাড়া করতে নেমে মারুফা আক্তারের তোপ দাগানো স্পেলের সাথে রিতু মনি-স্বর্ণা আক্তারের স্পিন জাদুতে ৮ উইকেটে ১২৬ রানে আটকে যায় থাইল্যান্ড।
রান তাড়ায় নেমে ইনিংসের প্রথম বলেই মারুফার দারুণ এক ডেলিভারিতে ফেরেন থাই ওপেনার সুয়ানান খিয়াওতো। এরপর দ্বিতীয় উইকেটে আসে ৬৭ রানের জুটি।
সর্বোচ্চ ৪৬ রান করা নাত্থান চানথামকে ফিরিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান লেগ স্পিনার ফাহিমা খাতুন। এরপর স্বর্ণাআর জোড়া আঘাতে তিন রানের ব্যবধানে পড়ে আরো দুই উইকেট। শেষ দিকে বোলিংয়ে এসে আরো দুই উইকেট নেন পেসার মারুফা।
এর আগে দিলারা আক্তার ফিরেছেন ইনিংসের প্রথম বলে। ১২ রানের মধ্যে ফেরেন তিনে নামা শারমিন সুপ্তাও।
তবে তৃতীয় উইকেটে ১১০ রানের জুটি গড়ে দলকে এগিয়ে নিয়ে যান সোবহানা ও জুয়াইরিয়া। চারটি চার ও তিনটি ছক্কায় ৪৫ বলে ৫৬ রান করেছেন জুয়াইরিয়া। সোবহানার ব্যাট থেকে এসেছে ৪২ বলে ৫৯ রানের ইনিংস।


