back to top

পাকিস্তানে দুই দিনে হামলায় নিহত অন্তত ১৯৩

প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি, ২০২৬ ০৮:৩১

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে সিরিজ বোমা ও বন্দুক হামলায় বেসামরিক নাগরিক, নিরাপত্তাকর্মী এবং হামলাকারী মিলিয়ে গত দুইদিনে ১৯৩ জন নিহত হয়েছে।

রবিবার (১ ফেব্রুয়ারি) আঞ্চলিক মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি একথা জানিয়েছেন।

এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন, যে কয়টি জেলায় হামলা হয়েছিল সবখান থেকেই হামলাকারীদেরকে নির্মূল করা হয়েছে।

তিনি জানান, হামলায় বেসামরিক নাগরিক নিহতের সংখ্যা ৩১, নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছে ১৭ জন এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে অন্তত ১৪৫ জন হামলাকারী।

এই হামলার ঘটনাটি বেলুচিস্তানে সবচেয়ে প্রাণঘাতী হামলার অন্যতম। পাকিস্তান সরকার বেলুচিস্তানে কয়েক দশক ধরে জাতিগত বিদ্রোহী তৎপরতা রুখতে লড়ে আসছে।

পাকিস্তান বিএলএ- কে সমর্থন দেওয়ার অভিযোগ করেছে ভারতের বিরুদ্ধে। তবে ভারত এমন অভিযোগ বারবারই অস্বীকার করে আসছে।

সেনাবাহিনী জানিয়েছে, প্রাদেশিক রাজধানী কোয়েটা ও অন্যান্য স্থানের আশেপাশের এলাকায় কয়েক দফা হামলায় বেসামরিক নাগরিকদেরকেই নিশানা করা হয়েছিল।

১২ টি শহরে এবং প্রদেশজুড়ে বিভিন্ন শহরে গ্রেনেড ও বন্দুক হামলার নিশানা ছিল পুলিশ ও আধাসামরিক স্থাপনাসহ কারাগার এবং সরকারি বিভিন্ন ভবন।

বেলুচিস্তানে সবচেয়ে সক্রিয় বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মি (বিএলএ) এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে।