লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) ড. অলি আহমদ বীর বিক্রম বলেছেন, বিএনপি এখন আর জিয়াউর রহমান বা খালেদা জিয়ার দল নয়; এটি ভাড়াটেদের, দুর্নীতিবাজদের ও চাঁদাবাজদের দলে পরিণত হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রামের লোহাগাড়ার পদুয়ায় ১১ দলীয় জোটের নির্বাচনি জনসভায় তিনি এ মন্তব্য করেন।
কর্নেল (অব.) ড. অলি আহমদ বীর বিক্রম বলেন, ‘একটি ব্রিজ পড়ে থাকলেও, সেখান থেকেও চাঁদা তোলে তারা।
বেগম জিয়া অসুস্থ হওয়ার পর দলটি আবার চাঁদাবাজিতে জড়িয়েছে। চাঁদাবাজদের সঙ্গে থেকে আমি জাহান্নাম যেতে রাজি না।’
তিনি বলেন, বিএনপির দুজনের সংগঠকের মধ্যে একজন আমি, আরেকজন সাবেক প্রেসিডেন্ট জিয়া। আমি (তৎকালীন) ক্যাপ্টেন অলি প্রথম পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করি।
এবারে জাতি যদি সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়, তবে স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। আমরা যুদ্ধ করেছিলাম এই দেশের স্বাধীনতা রক্ষা করতে।
বিএনপির নিয়ন্ত্রণ ভারতের হাতে ইঙ্গিত করে অলি আহমদ বলেন, ‘এখন একটি দল বিদেশিদের দালালি করছে, ইচ্ছে অনুযায়ী কাজ করছে। তাদের ইচ্ছের বাইরে যেতে পারবে না।
আমি বলেছিলাম, এরশাদকে (সাবেক রাষ্ট্রপতি) একটা চেইন লাগিয়েছিল। তার ভাই জিএম কাদেরকে দুইটা চেইন লাগিয়েছিল ভারত। এখন যারা আমাদের বিরুদ্ধে নির্বাচন করছে, তাদের তিনটি চেইন লাগিয়েছে ভারত।
সুতরাং ভারতের বাইরে, র- এর (ভারতের গোয়েন্দা সংস্থা) বাইরে যেতে পারবে না। আমরা চাই না, এ দেশ ভারত শাসন করুক।’
১১ দলীয় জোটের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।



