ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার তারিখ ১১ ডিসেম্বর থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে ১৭৯টি অস্ত্র ও ১ হাজার ৯৪১টি গোলাবারুদ উদ্ধার করা হয়। এ সময় বিভিন্ন অভিযানে ১ হাজার ৭৭৪ জনকে আটক করা হয়েছে।
সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও নৌবাহিনীর যৌথ ও পৃথক অভিযানে এসব অস্ত্র-গোলাবারুদ উদ্ধারের পাশাপাশি তাদের আটক করার তথ্য জানায় আইএসপিআর।
আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনে বাংলাদেশ নৌবাহিনীও নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
আইএসপিআরের আরেকটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ খুলনা সদর নৌ কন্টিনজেন্ট খুলনা সদরের ৬ নম্বর ঘাট এলাকার কয়লার ডিপো বস্তিতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সন্দেহভাজন একাধিক বাসায় তল্লাশি চালিয়ে পাঁচজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাঁরা হলেন রাসেল হাওলাদার, আকবর তালুকদার, তাসলিমা বেগম, শাহনাজ বেগম ও হোসনে আরা বেগম।
এ সময় ১ হাজার ৩৬৫ পিস ইয়াবা, ১ কেজি ৭৫০ গ্রাম গাঁজা, দুটি স্মার্টফোন, একটি বাটন ফোন, একটি ডিজিটাল নিক্তি এবং মাদক বিক্রির ২ লাখ ৩৭ হাজার ৩৬৫ টাকা নগদ অর্থ উদ্ধার করা হয়।
এ ছাড়া গতকাল শনিবার পাথরঘাটা, চরফ্যাশন ও তালতলী নৌ কন্টিনজেন্টের পৃথক অভিযানে আরও ছয়জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
এসব অভিযানে এক কেজির বেশি গাঁজা, ইয়াবা, মাদক সেবনের সরঞ্জাম, দুটি বাটন মুঠোফোন এবং মাদক বিক্রির ২৭ হাজার ২০০ টাকা জব্দ করা হয়।
অন্যদিকে টেকনাফ জেলায় মোতায়েন নৌ কন্টিনজেন্ট নোয়াখালীপাড়ার জুম্মাপাড়া পাহাড়ি এলাকায় মানব পাচারকারী চক্রের একটি আস্তানায় অভিযান চালায়।
অভিযানে আস্তানার কাছের ঝোপ থেকে একটি দেশি বন্দুক (লম্বা ব্যারেল), দুটি দেশি পিস্তল (এলজি), তাজা গুলি ও কার্তুজ উদ্ধার করা হয়।
অভিযান শেষে উদ্ধার করা অস্ত্র, মাদকসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আইএসপিআর আরও জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে নৌবাহিনীর পাঁচ হাজার নৌ সদস্য মাঠপর্যায়ে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন।


