back to top

একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও সংগীত দল

প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১৩:০০

বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ চলতি বছর একুশে পদকের জন্য নয়জন বিশিষ্ট ব্যক্তি এবং একটি সংগীত দলের নাম ঘোষণা করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

এবারই প্রথম একুশে পদকের তালিকায় কোনো রক ব্যান্ড স্থান পেল।

এ বছরের একুশে পদকের জন্য মনোনীত ব্যক্তিরা হলেন—চলচ্চিত্রে ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক মো. আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সংগীতে আইয়ুব বাচ্চু, নৃত্যে অর্থি আহমেদ, নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক ড. মাহবুবুল আলম মজুমদার এবং ভাস্কর্যে তেজস হালদার যস।

এছাড়া সংগীত ক্ষেত্রে একুশে পদক পাচ্ছে দেশের জনপ্রিয় রক ব্যান্ড ওয়ারফেইজ।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

উল্লেখ্য, একুশে পদক দেশের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান। ভাষা আন্দোলনের স্মরণে সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা, শিল্পকলা ও অন্যান্য ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে প্রতিবছর এই পদক প্রদান করা হয়।