back to top

ক্যারিয়ার হাবের উদ্যোগে চট্টগ্রামে এমপ্লয়ার্স মিটআপ অনুষ্ঠিত

প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:৩২

দেশের শিক্ষিত বেকার তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই চাকরির সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে Career Hub Powered by BRAC-এর উদ্যোগে ‘Employers’ Meet-up’ শীর্ষক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার, ৬ ফেব্রুয়ারি সকাল ১০টায় চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট-এ আয়োজিত এই অনুষ্ঠানে চট্টগ্রামের শিল্প ও উন্নয়ন খাতের বিভিন্ন সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন BSRM, Heidelberg, Ispahani, MAF Shoes, IPSA, KDS-সহ চট্টগ্রামের ২০টিরও বেশি স্বনামধন্য প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ।

মতবিনিময় সভায় বক্তারা বর্তমান ও ভবিষ্যৎ চাকরির বাজারে দক্ষতাভিত্তিক প্রস্তুতির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনায় বিশেষভাবে বিজনেস স্কিল, ডিজাইন থিংকিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সসহ বহুমুখী দক্ষতা অর্জনের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়, যা তরুণদের কর্মসংস্থানযোগ্যতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে ব্র্যাকের এসডিপি বিভাগের এম্পলয়মেন্ট ম্যানেজার মোহাম্মদ আলিউল আজিম বলেন, ‘ব্র্যাক ২০২৬ থেকে ২০৩০ সালের মধ্যে ১০ লক্ষ তরুণকে জব ক্রিয়েশনের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করেছে।

তবে এই লক্ষ্য এককভাবে বাস্তবায়ন সম্ভব নয়। এ জন্য নিয়োগদাতা ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যৌথভাবে কাজ করা অত্যন্ত জরুরি।’

তিনি আরও বলেন,’বর্তমানে অনেক বিশ্ববিদ্যালয় গ্র্যাজুয়েট চাকরির বাজারে পিছিয়ে পড়ছে, কারণ তারা শ্রমবাজারের চাহিদা ও প্রয়োজনীয় দক্ষতা সম্পর্কে পর্যাপ্ত ধারণা রাখে না। এই দক্ষতার ঘাটতি পূরণে Career Hub নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’

পরবর্তীতে Career Hub চট্টগ্রাম-এর Hub Lead আফরোজা খানম Career Hub-এর কার্যক্রম, নিয়োগদাতাভিত্তিক সেবা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটি উপস্থাপনা প্রদান করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অর্পিতা ব্যানার্জী, ট্রেইনার, Career Hub Powered by BRAC।

এ সময় আরও উপস্থিত ছিলেন জিসান বড়ুয়া, অফিসার, এক্টিভেশন এন্ড এমপ্লয়মেন্ট ; মরিয়ম আক্তার আসমা, অফিসার, ক্যারিয়ার কাউন্সিলর ; শর্মিষ্ঠা দেওয়ান, এডমিন এন্ড লজিস্টিকস অফিসার ; এবং ক্যারিয়ার হাব- এর প্রাক্তন প্রশিক্ষণার্থীরা।

বেলা সাড়ে ১২টায় অফিসার অ্যাক্টিভেশন এন্ড এমপ্লয়মেন্ট, জিসান বড়ুয়া-এর সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

উল্লেখ্য, ব্র্যাকের ক্যারিয়ার হাব একটি সমন্বিত কর্মসংস্থান প্ল্যাটফর্ম, যা চাকরিপ্রার্থী ও নিয়োগদাতাদের মধ্যে কার্যকর সংযোগ স্থাপন করে।

এই প্ল্যাটফর্মের মাধ্যমে প্রশিক্ষণ, ক্যারিয়ার গাইডেন্স, সিভি রিভিউ, মক ইন্টারভিউসহ বিভিন্ন কর্মসংস্থান প্রস্তুতিমূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

পাশাপাশি এটি একটি জব পোর্টাল ও প্রশিক্ষণ প্ল্যাটফর্ম হিসেবেও কার্যক্রম পরিচালনা করছে।