back to top

মাইক্রোবাসে বসে টাকা গুনছেন,চারপাশে সেনাবাহিনী-ঘটনা কী?

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ০৮:১৮

সিটিজি নিউজ টুডে : চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ আসনের) উপজেলার আবদুল বারিহাট এলাকায় একটি মাইক্রোবাসকে ঘিরে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

জানা গেছে, নগদ ১০ লাখ ৪৯ হাজার টাকাসহ একটি মাইক্রোবাস (নোয়া)টি জব্দ করেছে সেনাবাহিনী।

মধ্যরাতে টাকা জব্দ করার একটি ভিডিও গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, একটি মাইক্রোবাসের পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে ঘিরে রয়েছেন সেনাসদস্যরা। ওই ব্যক্তি টাকা গুনছেন।

এ সময় একজন ওই ব্যক্তির পরিচয় জানতে চান। টাকা গুনতে থাকা ব্যক্তি জানান, তিনি মিজানুল হক চৌধুরীর ‘এস্টেট ম্যানেজার’।

পরে রিটার্নিং কর্মকর্তার পরামর্শে এসব টাকা ও মাইক্রোবাসটি থানায় হস্তান্তর করেছেন বলে জানায় সেনাবাহিনী।

খোঁজ নিয়ে জানা গেছে, চট্টগ্রাম-১৪ আসনে মিজানুল হক চৌধুরী নামে এক প্রার্থী রয়েছেন। তিনি ফুটবল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তবে ঘটনার বিষয়ে নিশ্চিত হতে স্বতন্ত্র প্রার্থী মিজানুল হক চৌধুরীর মুঠোফোনে একাধিকবার কল করেও সাড়া না পাওয়ায় তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।

এদিকে ঘটনার বিষয়ে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইলিয়াছ খান বলেন, রাত দেড়টার দিকে এসব টাকা ও মাইক্রোবাসটি থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী।

ওসি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে জব্দ করা টাকা এক স্বতন্ত্র প্রার্থীর। বিষয়টির সত্যতা যাচাই করে নির্বাচনী ট্রাইব্যুনালের সিদ্ধান্তের আলোকে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি