back to top

নির্বাচনী দায়িত্ব শেষে ফেরার পথে প্রাণ গেল আনসার সদস্যের

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ০৯:৫২

সিটিজি নিউজ টুডে : সারাদেশে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে নির্বাচনী দায়িত্ব সম্পন্ন করার পর ফেরার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী–এর একজন অঙ্গীভূত আনসার সদস্য নিহত হয়েছেন—যা বাহিনীর জন্য গভীর বেদনার বিষয়।

১৩ ফেব্রুয়ারি দিবাগত রাত আনুমানিক ১টা নাগাদ চট্টগ্রাম–এর কর্ণফুলী টানেল সড়কের চৌরাস্তামোড় অতিক্রম করার সময় ২৩ জন সদস্য বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের রেলিংয়ে উঠে উল্টে যায়। ঘটনাস্থলেই আনসার সদস্য মোঃ আব্দুল জব্বার মৃত্যুবরণ করেন।

দুর্ঘটনায় আহতদের মধ্যে ৩ জন সদস্য চট্টগ্রাম বিএনএস হাসপাতালের আইসিইউতে এবং ৭ জন এইচডিইউতে চিকিৎসাধীন রয়েছেন। অন্যান্য আহত সদস্যদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হচ্ছে।

নিহত মোঃ আব্দুল জব্বারের বাড়ি উল্লাপাড়া, সিরাজগঞ্জ। তিনি মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড–এ কর্মরত ছিলেন এবং অঙ্গীভূত আনসার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এ ঘটনায় সমগ্র বাহিনীতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ নিহত সদস্যের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

একই সঙ্গে আহত সদস্যদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন।

উল্লেখ্য, গতকাল সারাদেশে নির্বাচনী দায়িত্বে বাহিনীর ৫ লাখ ৭৬ হাজারেরও বেশি সদস্য নিয়োজিত ছিলেন।

বিপুলসংখ্যক সদস্যকে নিরাপদে ভোটকেন্দ্রে প্রেরণ এবং দায়িত্ব শেষে প্রত্যাবর্তন নিশ্চিত করা ছিল একটি অত্যন্ত চ্যালেঞ্জিং ও সমন্বয়পূর্ণ কার্যক্রম।

দেশের অন্য কোথাও বড় ধরনের দুর্ঘটনার খবর না পাওয়া গেলেও চট্টগ্রামের এই মর্মান্তিক ঘটনা বাহিনীর সকল সদস্যকে গভীরভাবে শোকাহত করেছে।

বাংলাদেশ আনসার ও ভিডিপি পরিবার নিহত অঙ্গীভূত আনসার সদস্য মোঃ আব্দুল জব্বারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে।

পাশাপাশি দুর্ঘটনায় আহত সকল সদস্যের দ্রুত আরোগ্য কামনা করা হচ্ছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি