back to top

বিশ্বমঞ্চে পোর্ট সিটি ইউনিভার্সিটি: সিপেক ২০২৬-এর মূলবক্তা বাংলাদেশি শিক্ষক

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:২৬

সিটিজি নিউজ টুডে : আন্তর্জাতিক গবেষণার মঞ্চে আবারও উজ্জ্বল বাংলাদেশের নাম।

পাকিস্তানের সিন্ধু বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘চায়না-পাকিস্তান ইকোনমিক করিডোর (সিপেক) ২০২৬’ শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্সে অন্যতম মূল বক্তা (Keynote Speaker) হিসেবে আমন্ত্রিত হয়েছেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (পিসিআইইউ) সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সিনিয়র শিক্ষক প্রশান্ত কুমার শীল।

সিন্ধু বিশ্ববিদ্যালয়ের পূর্ব ও দক্ষিণ এশিয়া বিষয়ক এরিয়া সেন্টারের উদ্যোগে এবং পাকিস্তানের সেন্টার ফর ইন্টারন্যাশনাল স্ট্রাটেজিক স্টাডিজ (সিআইএসএস), সিন্ধু বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় দুই দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

করাচিভিত্তিক সিন্ধু হায়ার এডুকেশন কমিশনের অর্থায়নে আয়োজিত এ কনফারেন্স গত ১১ ও ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়।

কনফারেন্সে গবেষক প্রশান্ত কুমার শীল “Bangladesh’s Regime Change and Realignment: An Analysis of China-Pakistan Economic and Political Convergence” শীর্ষক গবেষণা নিবন্ধ উপস্থাপন করেন।

তাঁর গবেষণায় দক্ষিণ ও পূর্ব এশিয়ার ভূরাজনৈতিক প্রেক্ষাপটে চীন, পাকিস্তান ও বাংলাদেশের সম্ভাব্য কৌশলগত সম্পর্কের গুরুত্ব তুলে ধরা হয়।

তিনি উল্লেখ করেন, অর্থনৈতিক সহযোগিতা, অবকাঠামোগত উন্নয়ন এবং নিরাপত্তা জোটের মাধ্যমে এই তিন দেশ পারস্পরিক স্বার্থ সংরক্ষণ ও আঞ্চলিক স্থিতিশীলতা জোরদার করতে পারে।

আন্তর্জাতিক এ সম্মেলনে চীন, হংকং, ইতালি, সিঙ্গাপুর, নাইজেরিয়া ও বাংলাদেশসহ বিভিন্ন দেশের গবেষক, শিক্ষাবিদ এবং নীতিনির্ধারকেরা অংশগ্রহণ করেন।

সম্মেলনে আন্তর্জাতিক সম্পর্ক, আঞ্চলিক ভূরাজনীতি এবং চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি) ঘিরে অর্থনৈতিক ও কৌশলগত সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্টরা জানান, আঞ্চলিক সহযোগিতা সম্প্রসারণ, বৈশ্বিক শক্তির প্রভাব এবং পরিবর্তিত ভূরাজনৈতিক বাস্তবতা বিশ্লেষণে এ ধরনের সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

উল্লেখ্য, পাকিস্তানের সিন্ধু বিশ্ববিদ্যালয় দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাচীন পাবলিক বিশ্ববিদ্যালয়। আন্তর্জাতিক সম্পর্কভিত্তিক এ সম্মেলনকে দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ একাডেমিক আয়োজন হিসেবে বিবেচনা করা হচ্ছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি