back to top

মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী-শিশুসহ ১৫ জন উদ্ধার

টেকনাফে মানবপাচারকারীর আস্তানায় যৌথ অভিযান

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ০৯:৫৪

সিটিজি নিউজ টুডে : সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার একটি বাড়িতে বেশ কয়েকজন নারী-পুরুষ ও শিশুকে আটকে রাখা হয়েছে।

গোপন সোর্সের এমন তথ্যে মানবপাচারকারীর আস্তানায় যৌথ অভিযান পরিচালনা করেছে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ, আউটপোস্ট বাহারছড়া ও র‍্যাবের অভিযানিক দল।

গত ১৫ ফেব্রুয়ারি রবিবার বিকাল ৪টার দিকে পরিচালিত যৌথ অভিযানে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী, পুরুষ ও শিশুসহ ১৫ জন উদ্ধার করা হয়েছে।

সোমবার দুপুর আড়াইটার দিকে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, টেকনাফ থানাধীন বাহারছড়া কচ্ছপিয়া এলাকার কুখ্যাত মানব পাচারকারী মো. আব্দুল আলী তার নিজ বাড়ির একটি গুদাম ঘরে তাদেরকে আটকে রেখেছিলেন।

তবে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা হয়েছে ১৫ জনকে।

উদ্ধারকারীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি এবং অল্প খরচে বিদেশ যাত্রার প্রলোভন দেখিয়ে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় গমনে উদ্বুদ্ধ করে সাগর পথে পাচারের পরিকল্পনা করছিল।

তিনি আরও বলেন, পরবর্তীতে উদ্ধারকৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্হা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি