back to top

যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২৫ ০৪:৩১

আবহাওয়া ডেস্ক : দেশের সব বিভাগেই ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। তবে ৩ জেলার ওপর দিয়ে তীব্র বেগে ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। সেই সঙ্গে হতে পারে বজ্রসহ বৃষ্টি।

আজ মঙ্গলবারসকাল ৯টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে স্থানীয় নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, এই তিন অঞ্চলে সাময়িক ঝড়ো আবহাওয়ার কারণে নদীপথে চলাচলে সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে।

তিনি বলেন, হঠাৎ দমকা হাওয়া এবং বজ্রপাতের আশঙ্কা থাকায় এই সময়ে নদী ও আশপাশের এলাকায় অবস্থান করা ব্যক্তি ও নৌযানগুলোকে সতর্ক থাকতে হবে।

সাধারণ জনগণ, বিশেষ করে নদীপথে চলাচলকারী ও নৌযান পরিচালনাকারীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে, আবহাওয়া সংক্রান্ত পরবর্তী নির্দেশনা এবং সতর্কবার্তা নিয়মিত অনুসরণ করতে।