সিটিজি নিউজ টুডে : চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানাধীন আলোচিত আকাশ দাশ হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি নাজমুল হুদা (১৯)কে গাইবান্ধা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-৭ ও র্যাব-১৩ এর যৌথ আভিযানিক দল।
গ্রেপ্তার নাজমুল হুদা (১৯) কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম সদর থানার পাঠানপাড়া এলাকার হাকিম মাঝির ছেলে।
র্যাব জানায়, গত বৃহস্পতিবার পাহাড়তলী থানাধীন বিটাক এসটেক প্লাস্টিক ফ্যাক্টরি এলাকায় আকাশ দাশ (২৬) নামের এক যুবককে স্থানীয় সন্ত্রাসীরা প্রকাশ্যে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নৃশংস এ হত্যাকাণ্ডে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং বিষয়টি গণমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হয়।
প্রাথমিক তদন্তে জানা যায়, নিহত আকাশ দাশ দক্ষিণ কাট্টলী ধোপাপাড়া এলাকার বাসিন্দা বাবুল দাশের ছেলে এবং তিনি উক্ত ফ্যাক্টরিতে হেলপার হিসেবে কর্মরত ছিলেন।
ঘটনার সময় ফ্যাক্টরির কর্মচারী মাইকেলকে পূর্ব বিরোধের জের ধরে একদল সন্ত্রাসী ফ্যাক্টরির গেট থেকে টেনে বাইরে নিয়ে যায়।
এ সময় আকাশ দাশ তাকে উদ্ধার করে মূল গেটের দিকে নিয়ে আসলে পূর্ব পরিকল্পিতভাবে নাজমুল হুদাসহ অজ্ঞাতনামা ১২-১৫ জন ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।
এ ঘটনায় নিহতের পিতা বাবুল দাশ বাদী হয়ে পাহাড়তলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন ।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, আকাশ হত্যাকাণ্ডের এজাহারভুক্ত পলাতক আসামি নাজমুল হুদা গাইবান্ধার পলাশবাড়ী এলাকায় অবস্থান করার খবর পেয়ে র্যাব-৭ ও র্যাব-১৩ যৌথ অভিযান চালায়।
শুক্রবার রাত সাড়ে ১১টায় পলাশবাড়ী পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে পাহাড়তলী থানায় হস্তান্তর করা হয়েছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


