সিটিজি নিউজ টুডে : চট্টগ্রামের বাকলিয়া থানা এলাকার একটি মুদি দোকানদারের ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ওই দোকানের কর্মচারী মো. আলী (৩৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টায় খুলনা জেলার সোনডাঙ্গা থানার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের সময় আলীর কাছ থেকে ২১ লাখ ৪৬ হাজার ১৩১ টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার আলী চট্টগ্রামের আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ এলাকার মৃত মফজল আহমদের ছেলে।
বাকলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোবারক হোসেন জানান, চাক্তাই এলাকার মুদি ব্যবসায়ী মো. মোর্শেদ গত ২৩ ফেব্রুয়ারি আলীকে ২৪ লাখ টাকা ইসলামী ব্যাংক থেকে তুলে কৃষি ব্যাংকে জমা দেয়ার জন্য পাঠান।
কিন্তু আলী টাকা জমা না দিয়ে উধাও হয়ে যান। এ ঘটনায় ব্যবসায়ী থানায় অভিযোগ করলে আত্মসাতকারীর অবস্থান শনাক্ত করে অবিযান পরিচালনা করা হয়।
খুলনা জেলার সোনাডাঙ্গা থানা এলাকার একটি বাড়ি থেকে আত্মসাতকৃত ২১ লাখ ৪৬ হাজার ১৩১ টাকা এবং প্রায় ২ লাখ টাকা দামের একটি মোবাইল ফোনসহ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় টিম বাকলিয়া।
বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান বলেন, গ্রেপ্তার আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি



