ধর্ম ডেস্ক : বিশ্বের মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর আজ। মাসব্যাপী সিয়াম সাধনার পর ধর্মপ্রাণ মুসলমানরা উদযাপন করছেন এ উৎসব।
দীর্ঘ এক মাস রোজা, ইবাদত-বন্দেগি, সংযম ও আত্মশুদ্ধির পর খুশির বার্তা নিয়ে এসেছে ঈদ।
জাতীয় ঈদগাহ ময়দানসহ দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হচ্ছে ঈদের জামাত।
আরও পড়ুন
ঈদকে ঘিরে শহর ও গ্রামজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। নতুন পোশাকে সেজে মানুষ আনন্দে মেতে উঠেছে, পরিবার-পরিজনের সঙ্গে ভাগাভাগি করছে ঈদের খুশি।
চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় আজ শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৬টা থেকেই ঈদের জামাত শুরু হয়।
ঈদের আনন্দ ভাগাভাগি করতে শিশু থেকে বৃদ্ধ—সব বয়সী মানুষ একসঙ্গে ঈদগাহ ময়দানে নামাজ আদায়ে অংশ নিচ্ছেন।
দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে মুসল্লিরা দুনিয়া ও আখেরাতের কল্যাণ এবং দেশ ও জাতির উন্নতি-সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নিচ্ছেন।
বৃহস্পতিবার দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় এবার ৩০ রমজান পূর্ণ হয়েছে।
সে অনুযায়ী শনিবার ঈদ হবে—এটি আগেই নির্ধারিত ছিল। পরে শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় কক্সবাজার-এ শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে ধর্ম মন্ত্রণালয়।
যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঈদ উদযাপনে দেশের সব শ্রেণি-পেশার মানুষ নিজ নিজ অবস্থান থেকে প্রস্তুতি নিয়েছেন।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আর এস পি



