back to top

কাস্টমস এজেন্টস এসোসিয়েশনে মহান স্বাধীনতা দিবস উদযাপন

প্রকাশিত: ২৬ মার্চ, ২০২৬ ১২:০৪

চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন হয়েছে।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১০টায় এসোসিয়েশনের কার্যালয়ে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসোসিয়েশনের সভাপতি এসএম সাইফুল আলম এর সভাপতিত্বে এবং সাংস্কৃতিক সম্পাদক মো. শফিউল আজম খান এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানের শুরুতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল বীর শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সভাপতির বক্তব্যে এসএম সাইফুল আলম বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ছিল বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়, যেখানে লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের প্রিয় স্বাধীনতা।

তিনি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের, যাঁদের আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা স্বাধীন দেশের নাগরিক হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারছি।

তিনি আরও বলেন, স্বাধীনতার প্রকৃত চেতনা ধারণ করে আমাদের প্রত্যেককে দুর্নীতি, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং একটি ন্যায়ভিত্তিক, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সাধারণ সম্পাদক মো. শওকত আলী তাঁর বক্তব্যে বলেন, এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার প্রকৃত সুফল তখনই নিশ্চিত হবে, যখন আমরা মুক্তিযুদ্ধের আদর্শকে বাস্তব জীবনে প্রতিফলিত করতে পারবো।

স্বাধীনতার মূল চেতনা ছিল শোষণমুক্ত সমাজব্যবস্থা, গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠা, যা এখনও আমাদের সামনে চ্যালেঞ্জ হিসেবে বিদ্যমান।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপদেষ্টা মো. নুরুল ইসলাম, ১ম সহ-সভাপতি মো. নুরুল আবছার, ২য় সহ-সভাপতি মো. সাইফুদ্দিন, ৩য় সহ-সভাপতি আবু সালেহ,বন্দর বিষয়ক সম্পাদক রোকন উদ্দিন মাহমুদ খলিল, প্রযুক্তি, প্রশিক্ষণ ও আইন বিষয়ক সম্পাদক এসএম ফরিদুল আলম, নিবার্হী সদস্য আলমগীর হোসেন, সদস্য খন্দকার লতিফুর রহমান আজিম, মো. আহসান, আব্দুল হাই মাসুম, আব্দুল মান্নান পাটোয়ারী, আশরাফুল মওলা নাঈম, মো. শফিকুল ইসলাম প্রমুখ।