সিটিজি নিউজ টুডে : কক্সবাজারের পেকুয়া উপজেলা বাজার সংলগ্ন ফাঁশিয়াখালী ব্রিজ এবং বারবাকিয়া ইউনিয়নের পশ্চিম জালিয়াকাটা এলাকায় অভিযান পরিচালনা করে মোট ২৪২ পিস ইয়াবাসহ মাদক কারবারি দম্পতি এবং অপর এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে পেকুয়া থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
অভিযানে তিনজনকে গ্রেপ্তারের পাশাপাশি নম্বরবিহীন একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন থানার উপ-পরিদর্শক (এস.আই) সাজ্জাদ চৌধুরী।
আরও পড়ুন
গ্রেপ্তারকৃতরা হলেন-পেকুয়া সদর ইউনিয়নের বকসু চৌকিদার পাড়া এলাকার মো. আলমগীরের ছেলে মো. রমজান (৩১), বারবাকিয়া ইউনিয়নের পশ্চিম জালিয়াকাটা এলাকার নুরুন নবীর ছেলে সালাহ উদ্দিন (৩৮) এবং তার স্ত্রী জুবাইদা বেগম (৩৬)।
পুলিশ জানায়, প্রথমে পেকুয়া বাজার সংলগ্ন ফাঁশিয়াখালী ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ধাওয়া করে রমজানকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৯৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং একটি নম্বরবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়।
পরবর্তীতে রমজানের দেওয়া তথ্যের ভিত্তিতে বারবাকিয়া ইউনিয়নের পশ্চিম জালিয়াকাটা সিরাজ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে সালাহ উদ্দিন ও তার স্ত্রী জুবাইদা বেগমকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে আরও ৪৭ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির নগদ ১ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম জানান, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদকদ্রব্য বিক্রির সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এলাকায় মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


