সিটিজি নিউজ টুডে : পুরাতন সিলভার রঙের এক্স-নোহা মাইক্রোবাসে করে ইয়াবা পাচারের গোপন তথ্য পেয়ে বিশেষ অভিযান চালিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগের একটি বিশেষ টিম।
অভিযানে দুই হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় টিম।
শুক্রবার (২৭ মার্চ) কর্ণফুলী থানাধীন শিকলবাহা ক্রসিং সংলগ্ন “মেসার্স খাজা ট্রেডিং” নামক প্রতিষ্ঠানের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। জব্দ করা হয় মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটিও।
গ্রেপ্তাররা হলেন নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ চৌমুহনীর মৃত খোরশেদ আলমের ছেলে মো. মিন্টু (৫০) এবং কুমিল্লা দাউদকান্দি এলাকার মৃত বেলায়াত হোসেনের ছেলে মো. তোফাজ্জেল হোসেন (৫৫)। তোফাজ্জল বর্তমানে নগরীর খুলশী থানার ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন বলে জানা গেছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার আসামি মো. মিন্টুর বিরুদ্ধে ইতিপূর্বে ২০১৯ সালে ডিএমপি’র মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি



