জাতীয় ডেস্ক : ভারতীয় ভিসা পাওয়ার জন্য অতিরিক্ত টাকা না দেওয়ার আহ্বান জানিয়েছেন রাজশাহীতে অবস্থিত ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার।
এছাড়া শিগগিরই টুরিস্ট ভিসা চালু করার ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন তিনি।
শনিবার (২৮ মার্চ) দুপুরে পাবনার হেমায়েতপুরে শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রম পরিদর্শনকালে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির ব্ক্তব্যে তিনি একথা বলেন।
টুরিস্ট ভিসা সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মনোজ কুমার বলেন, শিগগিরই টুরিস্ট ভিসা চালু করার ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি বলেন, সরকার নির্ধারিত টাকা ছাড়া ভিসার জন্য কোনো ব্যক্তি কাউকে অতিরিক্ত টাকা দিবেন না। আপনারা নিজেরা ফরম পূরণ করে নিজেরাই টাকা জমা দিবেন।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস।
এ সময় আরও বক্তব্য দেন- পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সম্পাদক জহুরুল ইসলাম, সাবেক সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন প্রমুখ।
শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রাণ শঙ্কর দাশের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ড. নরেশ চন্দ্র মধুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক শ্রী তাপস চন্দ্র বর্মন।
এ সময় সৎসঙ্গ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শ্রী বিকাশ চন্দ্র, শ্রী হিরন্ময় ঘোষ, শ্রী সুদেব কুমার, শ্রী বলাই চন্দ্র সাহা, শ্রী চিত্তরঞ্জন দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে সহকারী হাইকমিশনার সৎসঙ্গ নেতাদের সঙ্গে আশ্রমের বিভিন্ন আঙিনা পরিদর্শন করেন।
এছাড়া তিনি পাবনা শহরের কালাচাঁদপাড়া শ্রীশ্রী মহাদেব মন্দির (শিববাড়ী) পরিদর্শন করেন। এ সময় মন্দির কমিটির সভাপতি সুদর্শন তালুকদারসহ অন্যরা উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


