back to top

পাইপলাইনে ভারত থেকে ৭ হাজার টন ডিজেল আসছে

প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৬ ১৫:৩৮

জাতীয় ডেস্ক : দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে ডিজেল আমদানি অব্যাহত রেখেছে বাংলাদেশ।

শনিবার (২৮ মার্চ) সন্ধ্যা পৌনে ৭টার দিকে প্রায় ৭ হাজার মেট্রিক টন ডিজেলের একটি নতুন চালান দেশে প্রবেশ শুরু করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন পদ্মা ওয়েল কোম্পানি-এর ডেপুটি ম্যানেজার আহসান হাবিব চৌধুরী। তিনি জানান, আগামী ৩১ মার্চের মধ্যে এই চালানের পুরো সরবরাহ সম্পন্ন হবে।

এর আগে শুক্রবার বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন-এর মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে প্রায় ৫ হাজার মেট্রিক টন ডিজেল পৌঁছায়। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সেদিন ছুটির দিনেও ডিপো খোলা রাখা হয়।

২৪ মার্চ ভারতের নুমালিগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল সরবরাহ শুরু হয়, যা প্রায় ৬০ ঘণ্টা পর বাংলাদেশে পৌঁছে।

চলতি বছরে এখন পর্যন্ত এই পাইপলাইনের মাধ্যমে তিন ধাপে মোট ১৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি