সিটিজি নিউজ টুডে : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভুয়া শিক্ষার্থী পরিচয়ে প্রবেশের চেষ্টা করার সময় মো. উমর ফারুক (১৭) নামক একজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে তাকে আটক করা হয়। পরে তাকে প্রক্টর অফিসে সোপর্দ করেছে নিরাপত্তা প্রহরীরা।
আটক শিক্ষার্থী উমর ফারুক বিশ্ববিদ্যালয় পাশ্ববর্তী জোবরা এলাকার বাসিন্দা নুরুন্নবীর ছেলে। সে ক্যাম্পাসে নিজেকে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী পরিচয় দিয়ে আসছিলেন।
আটকের পর জিজ্ঞাসাবাদে উমর ফারুক অভিযোগ স্বীকার করে বলেন, “বন্ধুদের প্ররোচনায় আমি এ কাজ করেছি।
মূলত বিশ্ববিদ্যালয়ের ভেতরে মোটরসাইকেল নিয়ে প্রবেশের সুবিধার জন্যই আইডি কার্ডটি বানিয়েছিলাম।”
নিরাপত্তা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সুপারভাইজার মান্নান জানান, “বহিরাগতদের ব্যাপারে আমরা সবসময়ই কঠোর অবস্থানে আছি।
মূল ফটক দিয়ে মোটরসাইকেল নিয়ে প্রবেশের সময় তার আচরণ সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদ করা হয়।
সে নিজেকে শিক্ষার্থী পরিচয় দিয়ে আইডি কার্ড দেখালে সেটি যাচাই করে আমরা বুঝতে পারি এটি ভুয়া। পরে তাকে প্রক্টর অফিসে সোপর্দ করা হয়।”
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হোসেন শহীদ সহরাওয়ার্দী বলেন, “সে শুধুমাত্র মোটর সাইকেল নিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশের জন্য সে এই পথ অবলম্বন করেছে।
আমরা এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি। তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করা হবে।”
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি



