back to top

আনোয়ারায় বেশি দামে জ্বালানি তেল বিক্রি,জরিমানা ৪৫ হাজার

প্রকাশিত: ৩১ মার্চ, ২০২৬ ১৩:১৭

সিটিজি নিউজ টুডে : চট্টগ্রামের আনোয়ারায় নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে দুই দোকানিকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩০ মার্চ) বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার কালা বিবির দীঘি ও মেডিকেল মোড় বাজার এলাকায় অভিযান পরিচালনা করে এ অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, বাজারে জ্বালানি তেলের মূল্য স্থিতিশীল রাখা এবং অতিরিক্ত দামে বিক্রি বন্ধে অভিযান চালানো হয়।

এ সময় নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে জ্বালানি তেল বিক্রির প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯–এর সংশ্লিষ্ট ধারায় দুটি পৃথক মামলায় দুই ব্যবসায়ীকে মোট ৪৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় আনোয়ারা থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলো।

অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা।

তিনি বলেন, বাজারে জ্বালানি তেলের কৃত্রিম সংকট প্রতিরোধ এবং মূল্য স্থিতিশীল রাখতে ধাপে ধাপে আমরা প্রত্যেকটি বাজার ও এলাকায় অভিযান পরিচালনা করবো।

যারা মজুত করে বাজার অস্থির করার চেষ্টা করবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি