সিটিজি নিউজ টুডে: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের খান দিঘি এলাকায় মাইক্রোবাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক কিশোরের মৃত্যু হয়েছে।
বুধবার (১ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। একই ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
নিহত কিশোরের নাম মো. ওবায়েদ উল্লাহ (১৬)। সে কক্সবাজার জেলার রামু উপজেলার ঈদগড় এলাকার বাসিন্দা সামছুল আলমের ছেলে।
আহতরা হলেন-নিহতের মা ইয়াসমিন আক্তার (৪০), বোন ফাহিমা আক্তার (২০), ফাহিমার স্বামী ইয়াছিন আরাফাত (৩৫) এবং চাচাতো ভাই ইয়াছিন আরাফাত (২৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বিলে পড়ে উল্টে যায়।
স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক কিশোর মো. ওবায়েদ উল্লাহকে মৃত ঘোষণা করেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
জানা গেছে, নিহতের মা ওমরাহ হজ্ব পালন শেষে বাড়ি ফিরছিলেন। মাইক্রোবাসে থাকা যাত্রীরা চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজারের ঈদগাহ এলাকায় নিজেদের বাড়িতে ফিরছিলেন।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাহ উদ্দিন চৌধুরী বলেন, দুর্ঘটনাস্থল থেকে গাড়ি দুইটি উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


