নগরের আগ্রাবাদ এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দ্রুতগতির একটি প্রাইভেটকার দুর্ঘটনায় সামিয়া জাহান তানিশা (২২) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর আনুমানিক ২টার দিকে বারেক বিল্ডিং গোসাইল ডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দুর্ঘটনার সময় প্রাইভেটকারটিতে একজন যুবক ও একজন যুবতী ছিলেন। দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক জানান, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক সামিয়াকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে উদ্ধার করা একটি পরিচয়পত্রের মাধ্যমে জানা যায়, নিহত সামিয়া জাহান তানিশা চট্টগ্রামের হাজেরা-তজু ডিগ্রি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
বন্দর থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটেছে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।



