back to top

সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযান: মদ-গাঁজাসহ ১০ চোরাকারবারি আটক

প্রকাশিত: ১৪ এপ্রিল, ২০২৬ ১০:২৭

সেন্টমার্টিনের দক্ষিণ-পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও গাঁজাসহ ১০ জন চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি কাঠের বোট জব্দ করা হয়েছে।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

আটক ব্যক্তিরা হলেন—উখিয়ার জালিয়াপালংয়ের মৃত আশরাফ আলীর ছেলে বোটের মাঝি সুর মোহাম্মদ, আলি আহমেদের ছেলে রফিক, মৃত আবদুল সালামের ছেলে মাহমুদুল হক, আবুল মঞ্জুরের ছেলে মো. আব্দুর রশিদ, করিমুল্লাহর ছেলে জোবায়ের; টেকনাফের শামলাপুরের নজির হোসেনের ছেলে আবু হানিফ, নুর হোসেনের ছেলে সৈয়দ করিম; কক্সবাজারের রামুর সৈয়দ আকবারের ছেলে শহিদুল্লাহ; বাঁশখালীর জলডেহির শামসুল ইসলামের ছেলে সাহাঙ্গির আলম এবং চট্টগ্রামের গহিরার মো. ইউসুফ।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৩ এপ্রিল বিকেল পাঁচটার দিকে কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপের দক্ষিণ-পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে একটি সন্দেহজনক বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৩ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ৮ বোতল বিদেশি মদ ও ৩ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ তাদের আটক করা হয়।

জব্দ করা আলামত, বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি