সিটিজি নিউজ টুডে : চট্টগ্রাম বন্দরের হির্নোঙর এলাকায় প্রায় ৬৮ হাজার টন ডিজেল নিয়ে আরও দুইটি জাহাজ ভিড়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) মধ্যরাতে জাহাজ দুটি বন্দরে পৌঁছায়।
জাহাজ দুটিতে ইউনিপ্যাক সিঙ্গাপুরের সরবরাহ করা ‘এমটি টর্ম দামিনি’ রয়েছে ৩৩ হাজার টন ডিজেল এবং ভিটল এশিয়ার ‘এমটি লুসিয়া সলিস’ জাহাজে রয়েছে ৩৫ হাজার টন ডিজেল।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা যায়, বর্তমানে দেশে দৈনিক গড়ে ১১ হাজার টনের বেশি ডিজেল বিক্রি হচ্ছে।
১২ এপ্রিল পর্যন্ত দেশে সরবরাহযোগ্য ডিজেলের মজুত ছিল ১ লাখ ১৯ হাজার টন, যা দিয়ে প্রায় ১০ দিনের চাহিদা পূরণ করা সম্ভব ছিল। নতুন এই চালান যুক্ত হওয়ায় মজুত আরও ৪ থেকে ৫ দিন বাড়বে বলে আশা করা হচ্ছে।
বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমান বলেন, “ইতিমধ্যে কয়েকটি জাহাজ এসেছে, সামনে আরও আসবে।
চুক্তিবদ্ধ সরবরাহকারীদের পাশাপাশি বিকল্প উৎস থেকেও তেল আমদানির চেষ্টা চলছে। চলতি মাসে জ্বালানি তেলের সরবরাহে কোনো সংকট হওয়ার আশঙ্কা নেই।”
নতুন চালান যুক্ত হওয়ায় দেশে জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি আরও স্বাভাবিক থাকবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি



