back to top

যৌতুক দাবির মামলায় সাবেক সার্জেন্টকে কারাদণ্ড দিল ট্রাইব্যুনাল

প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৬ ১৪:৩৫

আইন-আদালত ডেস্ক : চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় পুলিশের সার্জেন্ট (সাময়িক বরখাস্ত) মো. নাজিম উদ্দিনকে ১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২০ এপ্রিল) চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোস্তাক আহমেদ এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত মো. নাজিম উদ্দিন (৫০) পটিয়া উপজেলার তেকাটা গ্রামের মৃত খায়ের আহম্মেদের ছেলে।

ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) আলমগীর মোহাম্মদ ইউনুছ জানান, ১১ জন সাক্ষীর সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেন।

পাশাপাশি ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। আদালত আপিলের শর্তে তাকে জামিন দেন।

মামলার নথি অনুযায়ী, ভুক্তভোগী নারীর সঙ্গে মো. নাজিম উদ্দিনের বিয়ে হয় ২০০৪ সালে। দম্পতির সংসারে এক মেয়ে ও এক ছেলে রয়েছে।

অভিযোগে বলা হয়, একটি ফ্ল্যাট কেনার জন্য স্ত্রীর কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবি করেন নাজিম উদ্দিন। ওই টাকা না দেওয়ায় তিনি দীর্ঘদিন ধরে স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন।

২০২০ সালের মার্চ ও জুন মাসে একাধিকবার নির্যাতনের ঘটনা ঘটে। সর্বশেষ ১৪ জুন সন্ধ্যায় টাকা দিতে অস্বীকৃতি জানালে মারধর ও গলা চেপে হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ সময় সন্তান ও আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।

পরে আহত অবস্থায় ভুক্তভোগী নারী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।

ঘটনার পর তিনি আদালতে মামলা দায়েরের আবেদন করেন। আদালতের নির্দেশে কোতোয়ালী থানায় ২০২০ সালের ১৭ আগস্ট মামলা রেকর্ড করা হয়।

তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করা হলে ২০২১ সালের ২৭ সেপ্টেম্বর অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার শুরু হয়।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি