back to top

হালদায় কার্পজাতীয় মাছের নমুনা ডিম, সন্ধ্যা-রাতে পূর্ণাঙ্গ ডিম ছাড়ার আশা

প্রকাশিত: ৩০ এপ্রিল, ২০২৬ ১১:১৫

চট্টগ্রামের হালদা নদীতে কার্পজাতীয় মাছের মা মাছ নমুনা ডিম ছেড়েছে। বছরের শুরুতেই দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে এ ঘটনা ডিম সংগ্রহকারীদের মধ্যে আশার সঞ্চার করেছে।

তাঁরা আশা করছেন, আজ বৃহস্পতিবার সন্ধ্যা বা রাতে মা মাছ পূর্ণাঙ্গভাবে ডিম ছাড়তে পারে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত হালদা নদীর আজিমের ঘাট থেকে অঙ্কুরীঘোনা ও সত্তারঘাট এলাকায় রুই, কাতলা, মৃগেল ও কালিবাউশসহ কার্পজাতীয় মা মাছ বিক্ষিপ্তভাবে নমুনা ডিম ছেড়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শওকত আলী।

শওকত আলী বলেন, আবহাওয়া এখন ডিম ছাড়ার জন্য অনুকূলে রয়েছে। গত কয়েক দিনে পর্যাপ্ত বৃষ্টি হয়েছে, নদীতে নেমেছে পাহাড়ি ঢল।

পাশাপাশি পানির গুণগত মানও ভালো। সব মিলিয়ে মা মাছের ডিম ছাড়ার জন্য এটি উপযুক্ত পরিবেশ। তাঁর আশা, আজ সন্ধ্যা অথবা রাতে মা মাছ পূর্ণাঙ্গভাবে ডিম ছাড়বে।

হালদা নদীপাড়ের প্রবীণ ডিম সংগ্রাহক জালালউদ্দিন বলেন, এ বছর যথাসময়ে মা মাছ নমুনা ডিম দিয়েছে।

তিনি এ পর্যন্ত ১০০ থেকে ২০০ গ্রাম নমুনা ডিম সংগ্রহ করেছেন। তাঁর ভাষ্য, বিকেলের মধ্যে মা মাছ পুরোদমে ডিম ছাড়তে পারে।

ডিম সংগ্রহের আশায় ইতিমধ্যে নদীর পাড়ে জড়ো হয়েছেন প্রায় অর্ধসহস্রাধিক সংগ্রাহক। তাঁরা ডিম সংগ্রহের প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে অপেক্ষা করছেন।

সংগ্রহ করা ডিম থেকে রেণু ও পোনা উৎপাদনের জন্য সরকারি ও বেসরকারি হ্যাচারি প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া ব্যক্তি মালিকানাধীন মিনি হ্যাচারি এবং মাটির কুয়াও প্রস্তুত রয়েছে।

হাটহাজারী উপজেলা মৎস্য কার্যালয় সূত্র জানায়, বৃহস্পতিবার আজিমের ঘাট থেকে সত্তারঘাট পর্যন্ত বিভিন্ন স্থানে মা মাছ বিক্ষিপ্তভাবে ডিম ছেড়েছে। নমুনা ডিম হলেও এর পরিমাণ উল্লেখযোগ্য। এতে সংশ্লিষ্টদের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে।

চট্টগ্রামের হাটহাজারী, ফটিকছড়ি ও রাউজান উপজেলার প্রায় ৯৮ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত হালদা নদী। প্রতিবছর চৈত্র থেকে আষাঢ় মাসের মধ্যে পূর্ণিমা বা অমাবস্যার তিথিতে বজ্রসহ বৃষ্টি এবং পাহাড়ি ঢল নামলে এ নদীতে কার্পজাতীয় মা মাছ ডিম ছাড়ে।

দেশের প্রাকৃতিকভাবে মাছের ডিম সংগ্রহের একমাত্র উৎস হিসেবে হালদা নদীর গুরুত্ব অপরিসীম।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি