back to top

চোখের আড়ালেই ট্র্যাজেডি: পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর

প্রকাশিত: ০৪ মে, ২০২৬ ১৪:১৬

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পুকুরে ডুবে মাইশা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জোটপুকুর পাড় শেখ পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত মাইশা ওই এলাকার মো. বাবুলের মেয়ে। দুই বোনের মধ্যে সে বড়।

পরিবারের সদস্যরা জানান, বাড়ির দক্ষিণ পাশের পুকুরে গোসল করতে যান মাইশার চাচা মো. রাসেল।

এ সময় মাইশাও তাঁর সঙ্গে যায়। গোসল শেষে তাঁরা বাড়িতে ফিরে আসেন। পরে মাইশাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা।

একপর্যায়ে ওই পুকুর থেকেই তাকে উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, সবার অগোচরে আবারও পুকুরে চলে গিয়েছিল সে।

মাইশার চাচা মো. রাসেল বলেন, ‘গোসল শেষে আমরা বাড়িতে চলে আসি। পরে দেখি মাইশা নেই। অনেক খোঁজাখুঁজির পর পুকুরে তাকে পাওয়া যায়।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারজানা বলেন, ‘দুপুর পৌনে ১২টার দিকে মাইশা নামের এক শিশুকে স্বজনরা নিয়ে আসে। পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়েছে।’

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি