back to top

জ্বর থেকে কোমায়, তারপর মৃত্যু: সিভাসু শিক্ষক জুথির মৃত্যু ঘিরে উদ্বেগ

প্রকাশিত: ০৮ মে, ২০২৬ ১৫:১৮

চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) শিক্ষক জাকিয়া সুলতানা জুথি বিরল মশাবাহিত রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

বৃহস্পতিবার ভোরে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৩৬ বছর।

তাঁর আকস্মিক মৃত্যুতে সিভাসুর শিক্ষক-শিক্ষার্থীসহ সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক ও সহকর্মী সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে অধ্যাপক জুথির জ্বর আসে। পরদিন রোববার জ্বরের সঙ্গে বমি ও পাতলা পায়খানা শুরু হলে রাতে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

সোমবার ভোরে হঠাৎ তীব্র খিঁচুনি দিয়ে তিনি জ্ঞান হারান।

চিকিৎসকদের ভাষ্য, সে সময় তাঁর মস্তিষ্কে বড় ধরনের ক্ষতি হয় এবং তিনি কোমায় চলে যান।

পরে অবস্থার অবনতি হলে তাঁকে ভেন্টিলেশনে নেওয়া হয়। তবে শেষ পর্যন্ত তাঁর অবস্থার উন্নতি হয়নি।

স্বজনেরা জানান, অধ্যাপক জুথি প্রায় দুই সপ্তাহ আগে বান্দরবান ভ্রমণে গিয়েছিলেন। শুরুতে চিকিৎসকদের ধারণা ছিল, তিনি ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন। কিন্তু পরীক্ষার ফল নেগেটিভ আসে।

পরে এমআরআই প্রতিবেদনে মস্তিষ্কের ক্ষতির ধরন দেখে বিশেষজ্ঞ চিকিৎসকেরা ধারণা করেন, তিনি মশাবাহিত ‘জাপানিজ এনকেফেলাইটিস’ ভাইরাসে আক্রান্ত হতে পারেন।

মেট্রোপলিটন হাসপাতালের আইসিইউ বিশেষজ্ঞ ডা. কাওসারুল আলম বলেন, দ্রুত শারীরিক অবস্থার অবনতি এবং মস্তিষ্কের গঠনগত পরিবর্তন জাপানিজ এনকেফেলাইটিসের লক্ষণের সঙ্গে মিল রয়েছে।

তবে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, বিষয়টি নিশ্চিত হতে সংশ্লিষ্ট সব মেডিকেল রিপোর্ট সংগ্রহ করা হচ্ছে।

পূর্ণাঙ্গ তদন্ত ছাড়া এটি ম্যালেরিয়া নাকি জাপানিজ এনকেফেলাইটিস, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

জাকিয়া সুলতানা জুথি সিভাসুর ফুড প্রসেসিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ছিলেন।

তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরে জাপানের হিরোশিমা ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

তাঁর স্বামী অধ্যাপক শাহরিয়ার হাসেম অর্ণব বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তাঁদের পাঁচ বছর বয়সী একটি সন্তান রয়েছে।

বৃহস্পতিবার রাতে ময়মনসিংহে স্বামীর বাড়িতে তাঁর দাফন সম্পন্ন হয়।

সিভাসুর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ লুৎফুর রহমান এক শোকবার্তায় বলেন, জাকিয়া সুলতানা জুথি ছিলেন অত্যন্ত মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষক।

তাঁর মৃত্যু বিশ্ববিদ্যালয়ের জন্য অপূরণীয় ক্ষতি।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি